দিনাজপুরের কাহারোল উপজেলায় সুবিধাবঞ্চিত খুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ কাহারোল উপজেলা শাখার বন্ধুরা। বুধবার সকালে উপজেলার কালির বাজার মন্দিরভিত্তিক শিশু স্কুলে এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষিকা লক্ষ্মী রানী বলেন, “আমাদের এই ছোট স্কুলে এসে কেউ শিক্ষাসামগ্রী দেবে-এটা আমরা ভাবতেই পারিনি। এখানকার অধিকাংশ অভিভাবকই নিম্ন আয়ের মানুষ। শিশুদের পড়াশোনার জন্য এই উপকরণগুলো তাদের জন্য অনেক বড় সহায়তা। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বসুন্ধরা শুভসংঘ কাহারোল উপজেলা শাখার সভাপতি মো. মাহফুজ ইসলাম বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। কিন্তু দারিদ্র্যের কারণে অনেক শিশু ন্যূনতম শিক্ষা উপকরণ থেকেও বঞ্চিত হয়। বসুন্ধরা শুভসংঘ বিশ্বাস করে- সামান্য সহযোগিতাও একটি শিশুর স্বপ্নকে এগিয়ে নিতে পারে। ভবিষ্যতেও আমরা কাহারোল উপজেলার শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে পাশে থেকে কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, “এই শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের জন্য একটি সুন্দর ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব।”
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কাহারোল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিপন রায়, সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায়, কার্যকরী সদস্য শামীম ইসলাম, লাবনী রায়, অতনু রায়, আবির রায়, আরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ ছাড়া অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন উর্মি বালা, কামিনী রায়, লতা রানী দাস, রত্না রায় বায়, লিটন রায়, গোপাল বড়ুয়া, উদয় রায়সহ অনেকে।
বিডি-প্রতিদিন/তানিয়া