বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার উদ্যোগে বাল্যবিবাহ ও মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে শিক্ষকদের ভূমিকা ও করণীয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার উপদেষ্টা আল আমিন বাবু। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য কামরুল হাসান সাইমন, নাজমুল হাসান, মো. নাসির গাজি, মিরাজ শিকদারসহ অন্যান্য সদস্যরা।
বিদ্যালয়ের পক্ষ থেকে অংশগ্রহণ করেন প্রধান শিক্ষক শাহনাজ পারভীন, সহকারী প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম এবং সহকারী শিক্ষক মো. রাসেদুল ইসলাম, মো. জসিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো. মেহেদী হাসান, মো. শহিদুল ইসলাম, শাহাবুদ্দিন, ফাতেমা পারভীন, সুলতানা ইয়াসমিনসহ শিক্ষক-কর্মচারীরা।
কর্মশালায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও মাদকাসক্তি বর্তমানে সমাজের জন্য একটি বড় হুমকিতে পরিণত হয়েছে। এর ফলে কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে, শিক্ষাজীবনে নেমে আসছে বিপর্যয় এবং অনেক শিক্ষার্থী বিদ্যালয় থেকে ঝরে পড়ছে। পাশাপাশি মাদকদ্রব্যের কারণে পরিবার ও সমাজে সহিংসতা, অপরাধ এবং অকাল মৃত্যুর মতো ঘটনাও বাড়ছে।
আলোচনায় বিশেষভাবে শিক্ষকদের করণীয় তুলে ধরা হয়। বক্তারা বলেন, শিক্ষকরা চাইলে শ্রেণিকক্ষকে সচেতনতার কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারেন। পাঠদানের পাশাপাশি নিয়মিতভাবে বাল্যবিবাহের আইনগত দিক, মাদকের কুফল, স্বাস্থ্যঝুঁকি এবং ভবিষ্যৎ জীবনে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা যেতে পারে। শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনা, বাস্তব উদাহরণ উপস্থাপন এবং নৈতিক শিক্ষার মাধ্যমে তাদের সচেতন করে তোলা সম্ভব।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে সভা-সমাবেশের মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়াতে পারেন বলেও মত দেন বক্তারা। তাদের মতে, শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত উদ্যোগই পারে বাল্যবিবাহ ও মাদকদ্রব্যের বিস্তার রোধ করতে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে শিক্ষার্থীরা এসব সামাজিক ব্যাধি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে এবং ভবিষ্যতে একটি সুস্থ, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলায় ভূমিকা রাখবে।
বিডি-প্রতিদিন/তানিয়া