‘খাদ্য নিরাপদ, জীবন নিরাপদ ও সুষম খাদ্যই সুস্থ জীবনের চাবিকাঠি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলায় ফরমালিন ও ভেজাল খাদ্য বিরোধী সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বসুন্ধরা শুভসংঘ শিবচর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বাখরের কান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীদের সামনে ভেজাল খাদ্যের ভয়াবহতা ও সুষম খাদ্যের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি ফরমালিনমুক্ত খাদ্য নিশ্চিত করতে ঘরোয়া পর্যায়ে গ্রহণযোগ্য কিছু সহজ ও কার্যকর উপায় সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, বাজার থেকে আনা ফল ও শাক-সবজি অন্তত আধা ঘণ্টা ভিনেগার মেশানো গরম পানিতে ভিজিয়ে রেখে পরে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ব্যবহার করলে ফরমালিনের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। একইভাবে মাছ বা মাংসে ফরমালিনের উপস্থিতি থাকলে তা ভিনেগার বা লবণ মেশানো পানিতে এক ঘণ্টা ভিজিয়ে রেখে ধুয়ে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, বর্তমানে ভেজাল খাদ্যের কারণে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। ফরমালিন মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক, যা ধীরে ধীরে কিডনি, লিভার, হার্ট ও ফুসফুসের মারাত্মক ক্ষতি করে। বিশেষ করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এর প্রভাব ভয়াবহ। নিয়মিত ফরমালিনযুক্ত খাবার গ্রহণের ফলে ক্যান্সার, কিডনি রোগসহ নানা দীর্ঘমেয়াদি জটিল রোগের ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পায়। এমনকি ফরমালিন চোখের রেটিনাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে বলে বক্তারা সতর্ক করেন।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ সমাবেশে অংশগ্রহণকারীরা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভেজালবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে ভবিষ্যতেও ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার সাধারণ সম্পাদক এস. এম. দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাখরের কান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী প্রধান শিক্ষক দুর্লভ চন্দ্র পাল, সহকারী শিক্ষক মাওলানা লোকমান হোসেন ও জাবির বিন হাসান। আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য সজিব মিয়া, হামিদুর রহমান, মৃদুলা আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/তানিয়া