হালুয়াঘাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার উপজেলার বসুন্ধরা শুভসংঘ স্কুলে আয়োজিত এই মানবিক কর্মসূচির মাধ্যমে ৪০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মুখে হাসি আর চোখে স্বপ্নের ঝিলিক দেখা যায়। অভিভাবকরা জানান, এসব সামগ্রী তাদের পড়াশোনার আগ্রহ আরও বাড়াবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার উপদেষ্টা সৈয়দ নাফিউল হাসান মুবিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি জাহিদুজ্জামান শিহাব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাকরিয়া সিথী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম তামিম, সকাল মনি, আখি মনি, সাহেরা, সাইফ হাসান লিয়ন, প্রচার সম্পাদক ওহেদুজ্জামান সাদমানসহ সংগঠনের অন্যান্য সদস্য।
অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দ নাফিউল হাসান মুবিন বলেন, “একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে আজকের শিশুদের শিক্ষার ওপর। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে পারলে তারাই একদিন দেশ গঠনের নেতৃত্ব দেবে। বসুন্ধরা শুভসংঘ সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, শুধু উপকরণ বিতরণ নয়, শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় শিশুদের শিক্ষা নিশ্চিত করতে সমাজের প্রতিটি সচেতন মানুষের এগিয়ে আসা প্রয়োজন। শিক্ষা একটি সম্মিলিত দায়বদ্ধতার বিষয়- যেখানে পরিবার, সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ জানান, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সচেতনতা ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ নানা ক্ষেত্রে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। হালুয়াঘাটে এই শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
বিডি-প্রতিদিন/তানিয়া