মোবাইল গেম ও ভার্চুয়াল জগতের আসক্তি থেকে কিশোরদের দূরে রাখতে কুড়িগ্রামের রৌমারীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বর্ণাঢ্য ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আয়োজিত এ উৎসবে বিভিন্ন বয়সের কিশোর-তরুণদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। আকাশজুড়ে রঙিন ঘুড়ির উড়াল কিশোরদের কাছে প্রযুক্তিনির্ভর একঘেয়েমি থেকে মুক্তির প্রতীক হয়ে ওঠে।
উৎসবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ রৌমারী উপজেলা শাখার সভাপতি মাসুদ পারভেজ রুবেল, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার লেবু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম, কার্যকরী সদস্য মেহেদী হাসান, রাহিম রেজওয়ান, স্থানীয় এলাকাবাসী নুর আলম, সাইফুল ইসলাম, কালামসহ আরও অনেকে।
মাসুদ পারভেজ রুবেল বলেন, বর্তমান সময়ে কিশোরদের একটি বড় অংশ মোবাইল গেম, সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চুয়াল বিনোদনে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ছে। এর ফলে পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে এবং মানসিক ও সামাজিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে কিশোরদের খেলাধুলা, সৃজনশীল বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি।
তিনি আরও বলেন, ঘুড়ি উৎসবের মতো ঐতিহ্যবাহী ও আনন্দঘন আয়োজন কিশোরদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তি এনে দেয়। প্রকৃতির সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তারা প্রযুক্তিনির্ভর জীবনের একঘেয়েমি কাটিয়ে সুস্থ ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে পারে।
এ সময় সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার লেবু কিশোরদের আগামী দিনে পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, সব ধরনের বাজে কাজ, মাদক ও ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকতে বলেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এ ধরনের সামাজিক উদ্যোগ নিয়মিত আয়োজনের মাধ্যমে সচেতন, দায়িত্বশীল ও মানবিক প্রজন্ম গড়ে তোলার দিকে অগ্রসর হওয়া সম্ভব।’
বিডি-প্রতিদিন/এমই