কৃষিতে উৎপাদন খরচ কমানো, মাটির উর্বরতা সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কৃষকদের নিয়ে মাঠপর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ।
বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা উপজেলার হাওলী গ্রামে স্থানীয় সার ও বালাইনাশক ব্যবসায়ী আজিজুল হকের মালিকানাধীন ‘সুফলা ট্রেডার্স’-এর দোকান সংলগ্ন উন্মুক্ত মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভসংঘ দামুড়হুদা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন গ্রামের কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচির সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ইসমাইল হাসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম।
প্রধান আলোচকের বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, “সার কম প্রয়োগ মানেই সার কম ব্যবহার নয়। বরং জমির ধরন ও ফসল অনুযায়ী পরিমিত ও সঠিক মাত্রায় সার প্রয়োগ করাই হলো আধুনিক ও বুদ্ধিমানের কাজ। অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করলে ফলন বাড়ে না; বরং উৎপাদন খরচ বেড়ে যায় এবং মাটির উর্বরতা ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।”
তিনি আরও বলেন, “মাটির গুণাগুণ পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করতে হবে। একই সঙ্গে সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএম পদ্ধতি অনুসরণ করলে কীটনাশকের ব্যবহার অনেকাংশে কমানো সম্ভব। এতে কৃষক যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি ভোক্তারা পাবেন নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য।”
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট ইসমাইল হাসান বলেন,“বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজ ও কৃষকের কল্যাণে কাজ করে যাচ্ছে। কৃষকরা যদি সচেতনভাবে সার ও কীটনাশক ব্যবহার করেন, তাহলে একদিকে উৎপাদন খরচ কমবে, অন্যদিকে পরিবেশ ও মানবস্বাস্থ্য সুরক্ষিত থাকবে। ভবিষ্যতেও কৃষকদের সঙ্গে নিয়ে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের দামুড়হুদা প্রতিনিধি হাবিবুর রহমান, বসুন্ধরা শুভসংঘের সাধারণ সদস্য মাকসুদুর রহমান রতন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সার ও বালাইনাশক ব্যবসায়ী আজিজুর রহমানসহ এলাকার বিভিন্ন গ্রামের কৃষকরা।
অনুষ্ঠানে অংশ নেওয়া কৃষকরা বলেন, মাঠপর্যায়ে এ ধরনের সচেতনতামূলক আলোচনা তাদের জন্য অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী। সঠিক নিয়মে সার ও কীটনাশক ব্যবহারের বিষয়ে তারা গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছেন, যা ভবিষ্যতে তাদের কৃষিকাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
আলোচনা সভা শেষে আয়োজকরা জানান, কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে আগামী দিনগুলোতেও এ ধরনের মাঠভিত্তিক কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।
বিডি-প্রতিদিন/তানিয়া