রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতির কারণে বিভিন্ন স্থানে ময়লা–আবর্জনা জমে ওঠে। এমন পরিস্থিতিতে বসুন্ধরা শুভসংঘের রাবি শাখার স্বেচ্ছাসেবকরা বুদ্ধিজীবী চত্বরসহ বিভিন্ন একাডেমিক ভবনের আশপাশ, প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তাও ছড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে পরীক্ষার্থীদের চলাচলে সহযোগিতা করা হয়, যাতে তারা নির্বিঘ্নে নির্ধারিত ভবনে পৌঁছাতে পারেন এবং পরিবেশগত কোন ভোগান্তিতে না পড়েন।
শুভসংঘের কার্যকরী সদস্য মোছা. মিথিলা খাতুন বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় ভর্তিচ্ছুদের চোখে থাকে দুশ্চিন্তা আর উৎকণ্ঠা। আমরা চাই, অন্তত পরিবেশটা যেন তাদের জন্য স্বস্তিদায়ক হয়। একটি পরিষ্কার ক্যাম্পাস অনেক সময় মানসিক চাপও কমিয়ে দেয়।’
আরেক কার্যকরী সদস্য হিমেল আহমেদ হিমু বলেন, ‘পরিষ্কার–পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়; এটি স্বাস্থ্য ও সচেতনতার সঙ্গে গভীরভাবে জড়িত। এই অভিযানের মাধ্যমে আমরা সবাইকে পরিবেশের প্রতি আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করতে চেয়েছি।’
এ বিষয়ে বসুন্ধরা শুভসংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিন টনিক বলেন, “ভর্তি পরীক্ষার দিনগুলো ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানসিকভাবে খুব চাপের সময়। আমরা চেয়েছি, পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে তাদের সেই চাপ কিছুটা হলেও লাঘব করতে। একটি পরিষ্কার ক্যাম্পাস শুধু সৌন্দর্য নয়, বরং স্বস্তি ও নিরাপত্তার বার্তাও দেয়। শুভসংঘ সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে বিশ্বাস করে, এই পরিচ্ছন্নতা অভিযান তারই একটি মানবিক প্রকাশ।”
সার্বিক বিষয়ে বসুন্ধরা শুভসংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহবুব হাসান বলেন, “ভর্তি পরীক্ষার দিনগুলো ভর্তিচ্ছু ও অভিভাবকদের জন্য মানসিকভাবে খুবই সংবেদনশীল সময়। আমরা পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে তাদের সেই চাপ কিছুটা হলেও কমাতে চেয়েছি। এটি কেবল একটি অভিযান নয়, বরং আমাদের মানবিক দায়বদ্ধতার প্রকাশ। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবো।”
এই মানবিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে বসুন্ধরা শুভসংঘ রাবি শাখার প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ভর্তি পরীক্ষার দিনগুলোতে ক্যাম্পাস আরও পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক হয়ে ওঠে।
পরিচ্ছন্নতা অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা শুভসংঘের সহ-সভাপতি মিশন চাকমা, যুগ্ম-সাধারণ সম্পাদক লুবনা শারমিন, দপ্তর সম্পাদক মো. মনিরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রান্ত কুমার দাশ, ক্রীড়া সম্পাদক আল ফারাবী দুরন্ত, কার্যকরী সদস্য মাহবুবা ইসলাম মেরিনা, রাসেল শেখ। সদস্য জেমি আক্তার, নাহিদা আক্তার, ফাহমিদা আক্তার, নুসরাত জাহান মৌ, মোসা. সুমাইয়া খাতুন, শুক্লা রানী সরকার, শামিম হোসেন সুজা, মোসা. শোভা আক্তার, হেলাল উদ্দিন, মো. রেজাউল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া