“এসো জ্ঞানের আলোয় আলোকিত হই”-এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা ও কৌতূহল বৃদ্ধির লক্ষ্যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।
বৃহস্পতিবার বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের এম.এ. প্রি ক্যাডেট স্কুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে ভাগ করে আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা সাধারণ জ্ঞান, দেশ-বিদেশ, বিজ্ঞান, সাহিত্য ও সমসাময়িক বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়। পুরো আয়োজন জুড়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল প্রাণবন্ত উৎসাহ ও উদ্দীপনা।
এ গ্রুপ থেকে বিজয়ীরা হলেন- প্রথম : মো. শিহাব মিয়া, দ্বিতীয় : জান্নাতুল ফেরদৌস, তৃতীয় : সাজ্জাদ মিয়া। বি গ্রুপ থেকে- প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে সুমাইয়া আক্তার, তাওফিক মিয়া ও মাহিম মিয়া। সি গ্রুপে- প্রথম : রিফাত মিয়া, দ্বিতীয় : মাওয়া সরকার, তৃতীয় : আব্দুল্লাহ সরকার।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম.এ. প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. মুনজু মিয়া। তিনি বলেন, “সাধারণ জ্ঞান প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়, চিন্তাশক্তি ও কৌতূহলকে জাগ্রত করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত করে এবং তাদের বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে। এমন সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য বসুন্ধরা শুভসংঘকে আন্তরিক ধন্যবাদ।”
এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি মো. সামিউল বাসির, সহ-সভাপতি মো. আরিফ সরকার, সাধারণ সম্পাদক মো. আশিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. আখিতারা, অর্থ সম্পাদক হামিম চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্য।
শুভসংঘের বন্ধুরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীল চিন্তাধারা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/তানিয়া