মানবিকতার কাছে কোনো শিকলই চূড়ান্ত নয়- এই বার্তাই যেন নতুন করে উচ্চারিত হলো তেঁতুলিয়া উপজেলার সর্দারপাড়া গ্রামে। দীর্ঘ একযুগ ধরে মানসিক ভারসাম্যহীন নুর আলম শিকলে বাঁধা জীবন যাপন করছেন। চিকিৎসার অভাবে, দারিদ্র্যের কষাঘাতে আর সমাজের অসহায়ত্বে বন্দি হয়ে আছে একটি পরিবার। ঠিক সেই পরিবারটির পাশে আবারও দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ।
তেঁতুলিয়া উপজেলার সর্দার পাড়া গ্রামের বাসিন্দা নুর আলমের পরিবারে উপার্জনের কোনো স্থায়ী উৎস নেই। বৃদ্ধ মা কোনো রকমে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করছেন। ছেলের চিকিৎসা তো দূরের কথা, দৈনন্দিন খাবার জোগাড় করাই হয়ে উঠেছে কঠিন সংগ্রাম। এই করুণ বাস্তবতা থেকেই পরিবারটিকে ঘিরে ধরে আছে অনিশ্চয়তা আর অসহায়ত্ব।
এমন দুঃসময়ে আশার আলো হয়ে পাশে দাঁড়িয়েছে তেঁতুলিয়া উপজেলা বসুন্ধরা শুভসংঘ। শনিবার সংগঠনের পক্ষ থেকে নুর আলমের পরিবারের জন্য খাদ্যসামগ্রী নিয়ে সরাসরি তাদের বাড়িতে উপস্থিত হন শুভসংঘের সদস্যরা। এ সময় পরিবারটির হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, তেল, চিনি, লবণ, সাবান, গুঁড়ো দুধ, আলু, কাঁচাবাজার সামগ্রীসহ একটি মুরগি।
এর আগেও এই পরিবারের পাশে দাঁড়ানোর নজির রয়েছে বসুন্ধরা শুভসংঘের। নুর আলমের এক মেয়েকে সংগঠনের সেলাই মেশিন প্রকল্পের আওতায় বিনামূল্যে প্রশিক্ষণ ও একটি সেলাই মেশিন প্রদান করা হয়, যাতে সে স্বাবলম্বী হয়ে পরিবারের হাল ধরতে পারে।
তেঁতুলিয়া উপজেলা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন বলেন, “আমরা এর আগেও একাধিকবার এই পরিবারটির পাশে দাঁড়িয়েছি। নুর আলমের চিকিৎসার বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে। আমরা আশাবাদী, খুব দ্রুত তিনি প্রয়োজনীয় সুচিকিৎসার আওতায় আসবেন। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক ও শুভ কাজের অগ্রভাগে থাকতে চায়।”
বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, "সমাজে এমন অনেক অবহেলিত ও অসহায় পরিবার রয়েছে, যাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও তেঁতুলিয়া উপজেলা শুভসংঘ এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।"
এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বসুন্ধরা শুভসংঘের সক্রিয় সদস্য শাকিল আহমেদ, রবিউল ইসলাম রতন, সারোয়ার সোহাগ, আরিফুল ইসলাম, বাবু এবং সাংবাদিক মিজানুর রহমান। তাঁদের উপস্থিতি ও সহযোগিতায় কার্যক্রমটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
মানসিক রোগে আক্রান্ত নুর আলম আজও শিকলে বন্দি। তবে তার পরিবারের চারপাশে ধীরে ধীরে তৈরি হচ্ছে সহানুভূতির বৃত্ত। বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগ প্রমাণ করে- মানুষ মানুষের পাশে দাঁড়ালে শিকলের চেয়েও শক্তিশালী হয় ভালোবাসা ও দায়িত্ববোধ।
বিডি-প্রতিদিন/তানিয়া