বসুন্ধরা শুভসংঘ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে "নারীর মর্যাদা রক্ষা ও সহিংসতা রোধে আমাদের করণীয়" শীর্ষক আলোচনা সভা আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ সভা আয়োজন করে সংগঠনটি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ও বটতলায় শিক্ষার্থীদের মাঝে মাদক সচেতনতায় ক্যাম্পেইন করেন তারা।
এ সময় বসুন্ধরা শুভসংঘ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হুসাইন, সহ-অর্থ সম্পাদক ফরহাদ খাদেম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক তানিম তানভীর, সংগঠনটির সদস্য আরিফ বিল্লাহ, মানিক হোসেন, মেহেদী হাসান, রুনা লাইলাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত শিক্ষার্থীদের মাঝে নারীর মর্যাদা রক্ষা, নারীর প্রতি সহিংসতা রোধ ও মাদক নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন বিশ্ববিদ্যালয় শুভসংঘের সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হুসাইন। তিনি দেশ, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়া ভয়াবহ মাদকের কুফল শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন।
এ ছাড়া ইভটিজিং, নারী নিপীড়ন, নারীর প্রতি সহিংসতার ভয়াবহ দিক ও নারীদের মর্যাদা কীভাবে সমুন্নত রাখা যায় সে সম্পর্কেও তিনি সচেতন করেন শিক্ষার্থীদের। পাশাপাশি এসবের আইনি প্রতিকার ও কীভাবে প্রতিকার পাওয়া যাবে সে বিষয়টিও শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।
তিনি বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর প্রতি সহিংসতা ও সাইবার বুলিং বেড়েছে। বিভিন্ন নামে বেনামে নারীদের নিয়ে বিদ্বেষমূলক পোস্ট ও কমেন্ট করা হচ্ছে। যা নারীদের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে। তবে এসবের প্রতিকার বিষয়ে আমাদের মাঝে খুব বেশি সচেতনতা দেখা যায় না। অনেকে এর আইনি প্রতিকার বিষয়েও অবগত নন। এসব প্রতিরোধে আমাদের সম্মিলিত প্রচেষ্টা করতে হবে। তাহলে নারীদের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তোলা সম্ভব। পাশাপাশি মাদকের বিস্তারে আমাদের সম্মিলিত কাজ করতে হবে।
সভায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হিরা মানিক বলেন, আমাদের দেশের জনগোষ্ঠীর একটি বিরাট অংশই নারী। কিন্তু আমরা নারীদের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তুলতে পারিনি। ক্রমাগত নারীরা সহিংসতার শিকার হচ্ছেন। আমাদের এসবের আইনি বিষয়ে সচেতন হতে হবে এবং একসাথে কাজ করতে হবে।
শুভসংঘ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষার্থীদের মাঝে নারীর প্রতি সহিংসতা ও মাদকের অপরাধ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন। ‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘ নিয়মিত ইতিবাচক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীতেও এমন কাজ অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/তানিয়া