ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘নারীর মর্যাদা রক্ষা ও সহিংসতা রোধে আমাদের করণীয়’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ও বটতলা এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছে বসুন্ধরা শুভসংঘের ইবি শাখা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বসুন্ধরা শুভসংঘ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ইবি শাখার সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হুসাইন, সহ-অর্থ সম্পাদক ফরহাদ খাদেম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক তানিম তানভীরসহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
আলোচনায় নাজমুল হুসাইন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর প্রতি সহিংসতা ও সাইবার বুলিং আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিভিন্ন নামে বেনামে নারীদের নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য ও পোস্ট করা হচ্ছে, যা নারীদের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করছে। এসব প্রতিরোধে আইনি সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ জরুরি।
তিনি আরও বলেন, ইভটিজিং, নারী নিপীড়ন ও মাদকের বিস্তার সমাজের জন্য মারাত্মক হুমকি। শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আইন বিভাগের শিক্ষার্থী হিরা মানিক বলেন, দেশের একটি বড় অংশ নারী হলেও এখনো তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়নি। নারীর প্রতি সহিংসতা রোধে আইনি জ্ঞান ও সামাজিক দায়িত্ববোধ জরুরি।
বিডি-প্রতিদিন/সুজন