বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে নারী সচেতনতা ও অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধে করণীয়, আইনি সহায়তা সম্পর্কে ধারণা, নারী স্বাস্থ্য ও পুষ্টি, মাতৃত্বকালীন যত্ন এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ সমাজের জন্য একটি বড় অভিশাপ। সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এসব সামাজিক ব্যাধি প্রতিরোধ করা সম্ভব। নারীদের অধিকার সম্পর্কে জানানো, আইনি সহায়তার পথ দেখানো এবং স্বাস্থ্য ও মানসিক সুস্থতা নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আনিমুর রহমান রিয়াদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শাহরিয়ার বিবেক, প্রচার সম্পাদক আনিতুর রহমান সাদি, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মোহাম্মদ হাসান, ইভেন্ট সম্পাদক মেহেবুবা জেরি।
এ ছাড়াও কার্যকরী সদস্য মো. সিয়াম, মো. তানভীর রহমান, অনিমসহ বসুন্ধরা শুভসংঘের অসংখ্য সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সেমিনারে অংশগ্রহণকারীরা নারী স্বাস্থ্য, পুষ্টি ও মানসিক সুস্থতা বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা পান এবং ভবিষ্যতে নারী সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/তানিয়া