শরীয়তপুরের ডামুড্যায় শারীরিকভাবে অক্ষম সুবিধাবঞ্চিত দুই প্রতিবন্ধী পাশে এসে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। মানবিক সহায়তার অংশ হিসেবে তাদের হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ ফেব্রুয়ারি) সকালে ডামুড্যা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে লতিফ সরদার ও কল্পনার হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
এসময় ডামুড্যা উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও ১১ নম্বর পশ্চিম চরভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুবকর ছিদ্দিক, প্রাইম কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা জাকির হোসেন এবং ডামুড্যা প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম খোকন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভসংঘের উপজেলা শাখার সভাপতি ফজলে রাব্বি। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কালের কণ্ঠের প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান।
সহায়তার অংশ হিসেবে লতিফ সরদার ও কল্পনার হাতে চাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, মুরগি ও বিভিন্ন মসলা তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে নগদ অর্থ দেওয়া হয়।
সহায়তা পেয়ে লতিফ সরদার বলেন, শারীরিক অক্ষমতার কারণে নিয়মিত কাজ করা তার পক্ষে সম্ভব হয় না। এই সহায়তা তার জন্য বড় ভরসা। কল্পনাও শুভসংঘের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।
শুভসংঘের ডামুড্যা উপজেলা শাখার সভাপতি ফজলে রাব্বি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের লক্ষ্য। আগামীতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/কামাল