কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী যুবকের লাশ আজ মঙ্গলবার দেশে আসছে। সকাল ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে লাশগুলো পৌঁছানোর কথা রয়েছে। গতকাল কাতারের বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গতকাল কাতারের স্থানীয় সময় রাত ১০টায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে লাশগুলো দেশে পাঠানো হয়। আজ (মঙ্গলবার) সকালে লাশগুলো সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। লাশগুলো বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে দেশে আনা হচ্ছে।
নিহতরা হলেন- ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আবদুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মোস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।