নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো যে ইশতেহার দেয়, অঙ্গীকার করে, সেগুলোকে রাজনৈতিক ধোঁকাবাজি বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, এই যে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি এগুলো তাদের অভ্যাস। এই ধোঁকাবাজিটা তাদের রাজনীতিরই একটা অংশ। গতকাল সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ‘রাষ্ট্রীয় মালিকানায় পাটকল চালুর দাবিতে সুনির্দিষ্ট প্রস্তাবনা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ‘রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা পরিষদ’-এর ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, এমনিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মিল নেই, একজন আরেকজনকে দেখতে পারে না। কিন্তু রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো বন্ধ করা বা বেসরকারীকরণ করার মতো নীতিগুলোর কোনো ধরনের পার্থক্য পাওয়া যায় না। তিনি বলেন, নির্বাচনের আগে ইশতেহারে দলগুলো বলে যে তারা এগুলো চালু করবে। এটা কিন্তু তারা নিজেরাও জানে যে রাষ্ট্রীয় ব্যবস্থায় এগুলো তারা চালু করতে পারবে না। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ফয়জুল হাকিম লালা।