গভীর সমুদ্রে মাছ আহরণ, মেরিকালচার, চিংড়ি এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের ব্যাপক সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তবে এ সম্ভাবনাকে বাস্তব বিনিয়োগে রূপ দিতে হবে। নীতিগত সহায়তা, আধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক অংশীদারি এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ বাড়াতে হবে।
গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশের মৎস্য ও সামুদ্রিক অর্থনীতিতে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশের চারটি উচ্চ সম্ভাবনাময় খাত গভীর সমুদ্রে মাছ আহরণ, মেরিকালচার, অ্যাকুয়াকালচার ও চিংড়ি এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেমিনারে বাংলাদেশের ব্লু ইকোনমিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।