রাজধানীর শেরেবাংলানগর এলাকায় বিভিন্ন হাসপাতালে দালালবিরোধী অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে র্যাব-২-এর সদস্যরা। গতকাল সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর বা পঙ্গু হাসপাতাল) এ অভিযান চালানো হয়। পরে দোষ স্বীকার করায় আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও চারজনকে অর্থদণ্ড দেয় র্যাব-২-এর ভ্রাম্যমাণ আদালত। র্যাব-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বলেন, দালাল চক্রটি অল্প সময়ে ডাক্তারি সেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে রোগী ও রোগীর আত্মীয়স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।