বরগুনার পরিবেশকর্মী ও ফটোসাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে মব সৃষ্টির ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।
বরগুনা সাংবাদিক ইউনিয়ন এবং ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)-এর আয়োজনে বুধবার সকাল ১০টায় বরগুনা সদর রোডের মিজান টাওয়ার, সদরঘাট মসজিদ মার্কেট চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
জানা যায়, বরগুনার তালতলী উপজেলার নিদ্রা সৈকতে সংরক্ষিত বনের মধ্যে অবৈধভাবে রাস্তা ও পাকা স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় স্থানীয় সোনাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুস ফরাজী এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শহীদ আকনের নেতৃত্বে আরিফুর রহমানসহ বন বিভাগের দুই সদস্য—নলবুনিয়া ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাওন এবং সখিনা বন বিটের বিট কর্মকর্তা রাহিমুল ইসলাম জুমেলের বিরুদ্ধে মানববন্ধন করা হয় এবং মব সৃষ্টির চেষ্টা চালানো হয়।
ষড়যন্ত্রকারীদের শাস্তির আওতায় আনার দাবিতে বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকুর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা উপজেলা শাখার সভাপতি মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা অ্যানিমেল লাভার্সের সভাপতি হোসনেয়ারা ছবি, সবুজ বরগুনার প্রতিষ্ঠাতা আরিফ হোসেন খান, ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)-এর বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, বিশিষ্ট সাংবাদিক শাহ আলী এবং ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বরিশাল বিভাগের সভাপতি অলিউল্লাহ আল আমিন।
মানববন্ধনে বক্তারা তালতলীর নিদ্রা সৈকত, টেংরাগিরি ও শুভসন্ধ্যা সৈকতসহ জেলার সব পর্যটনকেন্দ্রে পরিবেশকর্মী ও সাংবাদিকদের কাজ করার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি, মব সৃষ্টির সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বিডি-প্রতিদিন/এমএল