ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার। তিনি বলেন, ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি সেবা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রবিবার (১৭ মে) বিকালে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভূমি সেবা সপ্তাহ-২০২৬ উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, ভূমি সেবা সহজীকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের দ্রুত সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। বিশেষ করে অনলাইনভিত্তিক ভূমি সেবা চালুর মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমানো সম্ভব হবে।
প্রেস ব্রিফিংয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কার্যক্রম, নাগরিক সেবা প্রদান পদ্ধতি এবং ডিজিটাল ভূমি সেবার নানা দিক তুলে ধরা হয়। একই সঙ্গে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবণী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল মঈন শিকদারসহ প্রমুখ। প্রেস ব্রিফিংয়ে ভূমি সেবা সপ্তাহ সফলভাবে বাস্তবায়নে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়।
বিডিপ্রতিদিন/কেকে