মুন্সীগঞ্জ সদর উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে প্রায় অর্ধশত বছরের পুরোনো একটি পুকুর ভরাটের কাজ বন্ধ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার মিরকাদীম পৌরসভার উত্তর রামগোপালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর রামগোপালপুরের হাজীবাড়ির সামনে অবস্থিত পুকুরটি ভরাট করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারে উপজেলা প্রশাসন।
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের নির্দেশনায় মিরকাদীম পৌর কর্তৃপক্ষ ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয় বলে জানিয়েছে প্রশাসন।
পুকুর ভরাট বন্ধ হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। তাদের দাবি, পুকুরটি ভরাট হলে উত্তর রামগোপালপুর এলাকার প্রায় এক হাজার পরিবার বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকিতে পড়ত।
স্থানীয়রা এ ঘটনায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/এআইএস