আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কেরানীগঞ্জে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রার্থীদের নির্বাচনী এজেন্টদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। সভায় কেরানীগঞ্জ উপজেলার অন্তর্গত জাতীয় সংসদের ঢাকা-২ (আসন-১৭৫) ও ঢাকা-৩ (আসন-১৭৬) আসনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্টরা অংশ নেন। এর মধ্যে ঢাকা-৩ আসনের ১০ জন এবং ঢাকা-২ আসনের ৩ জন প্রার্থীর এজেন্ট উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে প্রণীত নির্বাচনী আচরণ বিধির বিভিন্ন দিক সভায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উমর ফারুক। তিনি বলেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে নির্বাচন প্রশাসন বদ্ধপরিকর। আচরণ বিধির প্রতিটি ধাপ ব্যাখ্যা করে তিনি এজেন্টদের উদ্দেশে বলেন, সব রাজনৈতিক দল ও প্রার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে বিধি মেনে প্রচারণা চালাতে হবে। আইন লঙ্ঘনের কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, যে কোনো পরিস্থিতিতে নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন দৃঢ় অবস্থানে রয়েছে। আচরণ বিধি লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় ঢাকা-২ ও ঢাকা-৩ আসনের দায়িত্বপ্রাপ্ত আচরণ বিধি ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সেনাবাহিনী, র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং কেরানীগঞ্জ ও সংশ্লিষ্ট দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও সভায় অংশ নেন।
বিডিপ্রতিদিন/কবিরুল