'নতুন নাটোর, নতুন আশা'- স্লোগানকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার নির্বাচনী এলাকায় নিয়োমিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার সকাল থেকে তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের পথসভায় বক্তব্যে বলেন, এয়োদশ সংসদ নির্বাচন নিয়ে এখনো একটি মহলের ষড়যন্ত্র অব্যাহত আছে।
তিনি বলেন, যত ষড়যন্ত চক্রান্তই অব্যাহত থাকুক না কেন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশের মানুষের ভোটে বিএনপিই বিজয়ী হবে। এ বিজয় কোন সাধারণ বিজয় নয়, ভূমিধস বিজয় হবে।
দুলু বলেন, অতীতে ২০০৮ সাল থেকে সব নির্বাচনে জনতার রায়কে আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছিল। জনগণ আগামী দিনে এমন কোন নির্বাচন আর মেনে নিবে না। যে কোন ষড়যন্ত্র চক্রান্ত হলে জনগণই তার দাঁতভাঙা জবাব দিবে। নিবার্চনে আর কোন ষড়যন্ত্র চক্রান্ত হতে দেয়া হবে না।
খাজুরা ইউনিয়নের করেরগ্রাম, মদনগ্রাম, চাঁদপুর, দুলর্ভপুর, খাজুরা, মহিষডাঙ্গা ও কুচকুরিসহ বিভিন্ন গ্রামের এসব পথসভায় দুলু ছাড়াও বক্তব্য রাখেন তার সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহবায়ক রাসেল আহম্মেদ রনি, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, জেলা বিএনপির সদস্য হাফিজ উদ্দিন ও শহীদুল্লাহ সোহেল প্রমুখ।
পথসভায় দুলু আরও বলেন, ২০০১ সাল থেকে তিনি পাঁচ বছর মন্ত্রী ছিলেন। সে সময় তিনি নাটোরের অনেক উন্নয়ন করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার নাটোরের কোন উন্নয়ন করেনি, শুধু লুটপাট করেছে। নাটোরের মানুষ এবার তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে তিনি তার আগের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। নাটোরের মানুষ এবার তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে তিনি শতভাগ বিশ্বাস রাখেন।
এবার বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে। নারী ও কৃষকরা এই কার্ডের মাধ্যমে ৫ বছর সকল সুযোগ-সুবিধা পাবেন।
বিডি প্রতিদিন/আরাফাত