গণভোটে হ্যাঁ-এর পক্ষে জনসচেতনতা সৃষ্টিতে রংপুরে ৫ দফা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার দুপুরে নগরীর ৩৬ জুলাই চত্বরে দলের জেলা আহ্বায়ক আল মামুন সংবাদ সম্মেলনে এই কর্মসূচি শুরু করেন।
আল মামুন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব প্রতীকের প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত থাকায় গণভোটের প্রচারণা উপেক্ষিত থাকছে। তাই এনসিপি’র উদ্যোগে মঙ্গলবার থেকে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নগরীর ৩৬ জুলাই চত্বরে স্থাপিত বুথের মাধ্যমে জনসচেতনতা তৈরি, গণভোটে হ্যাঁ-এর পক্ষে লিফলেট বিতরণ, কলেজ-বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বাসেডর নিয়োগ, গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার-ফেস্টুন লাগানো এবং জেলার প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে হ্যাঁ-ভোটের গুরুত্ব বুঝিয়ে মানুষকে উদ্বুদ্ধ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শান্তি কাদেরী, যুগ্ম আহ্বায়ক শরীফ হোসেন, খলিলুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া