কেরানীগঞ্জে ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমানের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচিকে ঘিরে বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ সময় আমানউল্লাহ আমানের সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
গণসংযোগকালে আমানউল্লাহ আমান সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, কেরানীগঞ্জের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। জনগণের সমর্থন ও ভালোবাসাই তাঁকে এগিয়ে চলার প্রেরণা জোগাচ্ছে।
গণসংযোগ প্রসঙ্গে আমানউল্লাহ আমান আরও বলেন, মানুষের ব্যাপক উপস্থিতিই প্রমাণ করে কেরানীগঞ্জ বিএনপির শক্ত ঘাঁটি। পাড়া-মহল্লায় প্রচারণার সময় ভোটারদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি—কেউ শরবত এনে দিচ্ছেন, কেউ গাছের ডাব কেটে হাতে তুলে দিচ্ছেন, আবার কেউ নিজের গাছের পেঁপে এনে আপ্যায়ন করছেন—এসবই বিএনপির প্রতি মানুষের গভীর আস্থার প্রতিফলন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, দীর্ঘ ১৭ বছর পর এলাকায় এ ধরনের বড় পরিসরের গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তাঁরা জানান, জনগণের সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে একজন জনপ্রতিনিধি নির্বাচিত দেখতে চান তাঁরা।
বিডি-প্রতিদিন/জামশেদ