রাজশাহী-২ আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু আগেও এমপি ও মেয়র ছিলেন। একাধিক নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে তাঁর। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে সরব প্রচার এবারই। তাঁর সময়ের উন্নয়নের চিত্র তুলে ধরে বানিয়েছেন গানও।
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মজিবুর রহমান রাজশাহী-১ আসনে প্রার্থী। তাঁর নামেও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রচার। মিছিল সমাবেশের ভিডিও ব্যবহার করে চলছে প্রচার।
শুধু সিনিয়র এই দুই রাজনীতিবিদ নন, এবার রাজশাহীর সবগুলো আসনের হেভিওয়েট প্রার্থীরা ভোটারদের সঙ্গে মাধ্যম হিসেবে যোগাযোগ ডিজিটালকে বেচে নিয়েছেন। তাদের কর্মী সমর্থকরা নিজ নিজ প্রতীকের পক্ষে ভোট চেয়ে নানা স্লোগান দিয়ে পোস্ট করছেন। চলছে পাল্টাপাল্টি কথার লড়াইও। মাঠের প্রত্যক্ষ পোস্টার আর মাইকের স্থান যেন দখলে নিয়েছে মোবাইল ফোনের স্ক্রিন। ছয় আসনেই প্রার্থীরা নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কনটেন্ট তৈরি করছেন। ফেসবুকজুড়েই চলছে প্রার্থী বা দলের নির্বাচনি গান, সংক্ষিপ্ত ভিডিও ও ব্যঙ্গাত্মক কনটেন্ট।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। তাঁর নামে করা একটি নির্বাচনি পেজে প্রতিদিনই তাঁর প্রচার-প্রচারণার খবরগুলো তুলে ধরে বিভিন্ন ধরনের কনটেন্ট প্রচার করা হচ্ছে। সেখানে তাঁর অনুসারীরা বিভিন্ন ইতিবাচক মন্তব্য করে সেটি আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে শেয়ার করে দিচ্ছেন। একই আসনে বিএনপির প্রার্থী শরিফ উদ্দীনও পিছিয়ে নেই। তাঁর পক্ষেও সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালোভাবে প্রচার চালানো হচ্ছে। তিনি প্রতিদিন কোথায় কী কর্মসূচি করছেন বা করবেন সেটাও অনলাইনে নিয়মিত প্রচার করা হচ্ছে।
রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। অনলাইন মাধ্যমে তাঁর পক্ষের প্রচার-প্রচারণা একটু বেশি লক্ষ করা গেছে। শুধু ফেসবুক পেজই নয়, তাঁর পক্ষে তৈরি করা হয়েছে একটি নির্বাচনি ওয়েবসাইটও। সেই নির্বাচনি ওয়েবসাইটে তাঁর এলাকার ভোটাররা বিভিন্ন মতামত জানাতে পারছেন। এ ছাড়াও মিজানুর রহমান মিনুর নির্বাচনি প্রচারণার বিভিন্ন তথ্যও সেখানে পাওয়া যাচ্ছে। রাজশাহী-২ আসনে জামায়াতের প্রার্থী ডা. জাহাঙ্গীরের পক্ষে কেন্দ্রের সঙ্গে মিল রেখে বিভিন্ন ফটোকার্ড তৈরি করছেন এবং গুজব প্রতিরোধে টিম (দল) তৈরি করে কাজ করে যাচ্ছেন। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন ও জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ পুরোদমে অনলাইনে নিজেদের প্রচার চালিয়ে যাচ্ছেন। এ ছাড়াও রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপি প্রার্থী ডিএম জিয়াউর রহমান, জামায়াত প্রার্থী ডা. আবদুল বারী, রাজশাহী-৫ আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম ও রাজশাহীর-৬ আসনের বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদের পক্ষেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজিম