পরিবহন সেক্টরে ভাড়া যৌক্তিক হারে বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বাস ভাড়া প্রতিকিলোমিটারে সর্বোচ্চ ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছেন তিনি। এটা বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন সংস্থাটির মহাসচিব।
সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘যাত্রীদের দরকষাকষি বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিক সমিতির একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মোজাম্মেল হক বলেন, ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা বন্ধ করতে হবে। সব স্টেক হোল্ডারের সম্মতিতে যৌক্তিক হারে বাস ভাড়া নির্ধারণ করতে গণশুনানির প্রস্তাব করেন তিনি।
এ সময় একচেটিয়া বাস ভাড়া বৃদ্ধি বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন যাত্রী কল্যাণ সমিতির নেতারা।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা হয়েছে। এ ছাড়া প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিনের দাম প্রতি লিটার ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই