যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণ করেছে কক্সবাজারগামী নভোএয়ারের একটি বিমান। গতকাল সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বিকিউ-৯৩৫ ফ্লাইটটি ঢাকা থেকে উড্ডয়নের ১৫ মিনিট পরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে ওঠাতে না পারায় ৪০ থেকে ৪৫ মিনিট আকাশে চক্কর দিয়ে বিমানটি নিরাপদে ঢাকায় অবতরণ করে। বিমানে থাকা যাত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা হুমায়ুন কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে ওপরে উঠছিল না। ক্যাপ্টেন বারবার চেষ্টা করলেও সেটি করতে পারেননি। প্রায় ৪৫ মিনিট আকাশে অবস্থান করার পর বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ সময় বিমানের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের কান্নাকাটি এবং যাত্রীদের উদ্বেগ পরিস্থিতি আরও অস্বস্তিকর করে তোলে। তবে আল্লাহর রহমতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
এ ঘটনার পর পুরোনো উড়োজাহাজের ফিটনেস পরীক্ষা আরও কঠোর করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।