মাদারীপুর শহরে রাস্তার পাশে অনেক দিন পড়ে থাকা ৭০ বছর বয়সি বৃদ্ধের পরিচয় অবশেষে জানা গেল। তাঁর নাম হেমায়েত মোল্লা। বাড়ি খুলনা জেলায়। বৃদ্ধের করুণ অবস্থার বর্ণনা দিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট ও ডিজিটাল সংস্করণে সংবাদ প্রকাশের পর বিষয়টি বেশ সাড়া ফেলে। তাঁর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেয় আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। তাঁর স্বজনরাও সন্ধান পেয়ে তাঁকে নিয়ে যেতে মাদারীপুর সদর হাসপাতালে ছুটে এলে তিনি তাদের সঙ্গে পরিবারের কাছে ফিরে যান। বয়সের ভারে কাবু, অসুস্থতাজনিত দুর্বলতার কারণে হেমায়েত মোল্লা ঠিকমতো হাঁটাচলাও করতে পারছিলেন না। মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকার লিগ্যাল এইড সংলগ্ন সড়কের পাশে তাঁকে পড়ে থাকতে দেখে পথযাত্রীরা কেউ খাবার ও পানি দেন। কিন্তু তাঁর নামধাম জানার উপায় ছিল না। তাঁকে যখন হাসপাতালে নেওয়া হয় সেখানেও তিনি তাঁর নাম-ঠিকানা বলতে পারছিলেন না। বাংলাদেশ প্রতিদিনে সংবাদ দেখে এবিজি ফাউন্ডেশন চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেয়। প্রকাশিত সংবাদের সঙ্গে ছবি দেখে হেমায়েতের ছেলে ফারুক মোল্লা ও তারেক হোসেন মোল্লা এবং নাতি মনিরুল ইসলামও হাসপাতালে ছুটে আসেন। তারাই তাঁকে খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার বানরগাতির আল-আমিনকান্দি এলাকার বাড়িতে নিয়ে গেছেন। মাদারীপুর সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা শ্যামল পাণ্ডে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়ায় এবিজি ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘এ ধরনের মানবিক উদ্যোগ দেখে আশাকরি অন্যেরাও উদ্ভুদ্ধ হবেন।’
হেমায়েতের ছেলে তারেক হোসেন মোল্লা বলেন, ‘দুঃসময়ে এবিজি ফাউন্ডেশন আমার বাবার পাশে এসে দাঁড়িয়েছে। এজন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতার সীমা নেই। বাবার সন্ধান দেওয়ায় আমি বাংলাদেশ প্রতিদিনকে আন্তরিক ধন্যবাদ জানাই।’