টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজ পারভীন আক্তারের (৪৬) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেটের দক্ষিণে বাসার পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। পারভীন আক্তার ওই এলাকার মৃত হুমায়ন খানের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, পারভীন আক্তার এক ছেলে ও এক মেয়ের জননী। তার ছেলে চাকরিসূত্রে ঢাকার সাভারে থাকেন। মেয়েকে বিয়ে দিয়েছেন দুই মাস আগে। বাসায় একাই থাকতেন পারভীন। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ছেলে সোহেল রানা ফাহাদের সঙ্গে মোবাইলে তার সর্বশেষ কথা হয়। পরদিন মঙ্গলবার সকাল থেকে ফাহাদসহ পরিবারের সদস্য ও স্বজনরা একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। একই দিন সন্ধ্যায় ফাহাদ ঢাকা থেকে ফিরে সখীপুর থানায় অপহরণের মামলা করেন। রাত থেকে পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গতকাল সকালে বাড়ির পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহতের ছেলের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সহকারী পুলিশ সুপার (বাসাইল-সখীপুর সার্কেল) এ কে এম মামুনুর রশিদ বলেন, সুরতহাল প্রতিবেদনে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড।