মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ৫২ দিন পর আওলাদ হোসেন শেখের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গতকাল জেলা পুলিশ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায়।
পুলিশ জানায়, ৯ মে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন চাইনপাড়া গ্রামের আওলাদ হোসেন। পর দিন তার ভাই সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। দীর্ঘ অনুসন্ধানের পর ২৩ মে আওলাদের ছোট ভাই বেলায়েত হোসেন বাদী হয়ে আওলাদের স্ত্রী রানী বেগম, তার ভগ্নিপতি মানিক ব্যাপারীসহ অজ্ঞাত দুই-তিনজনের বিরুদ্ধে অপহরণের মামলা করেন। তদন্তের একপর্যায়ে ৩১ মে মানিক ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়। পরে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ৩০ জুন সাভারের একটি ডেইরি ফার্ম থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেদিন রাতে বিশেষ অভিযানে রিপন ও বিন আমিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, চাইনপাড়া গ্রামের বোরহান ব্যাপারীর গরুর খামারের রান্নাঘরে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় আওলাদ হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, প্রথম স্ত্রীর মৃত্যুর পর আওলাদ হোসেন রানী বেগমকে বিয়ে করেন। তাদের কোনো সন্তান না হওয়ায় পারিবারিক কলহ চলছিল।