মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ও রামপাল ইউনিয়নের চারটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার দুর্ভোগে রয়েছেন। সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট, কৃষিজমি ও বসতবাড়িতে পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি খাল দখল ও পানি প্রবাহে বাধা সৃষ্টি হওয়াই ভোগান্তির কারণ।
সরেজমিন দেখা যায়, পঞ্চসার ইউনিয়নের বণিক্যপাড়ায় সরকারি পুকুর এবং আশপাশের এলাকায় বৃষ্টির পানি জমে রয়েছে। বণিক্যপাড়া-শান্তিনগর সেতুর নিচে খালের মুখ বন্ধ হয়ে যাওয়ায় তেলেরবিল, শাখারিবাজার ও শান্তিনগর এলাকার পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। খাল, কৃষিজমি ও বসতবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দারা জানান, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে। শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়। কৃষিজমিতে দীর্ঘ সময় পানি থাকায় ক্ষতি হয় ফসলের। তাদের অভিযোগ, সরকারি খালের বিভিন্ন অংশ দখল করে স্থাপনা নির্মাণ এবং মুখ ভরাট বা সংকোচন করায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন সুযোগ নেই। পঞ্চসার ইউপির প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন বলেন, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বন্ধ খালের মুখ খুলে পানি চলাচল সচল করার জন্য উপজেলা প্রশাসনকে জানানো হবে। স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে সাময়িক উদ্যোগ নয়, খাল দখলমুক্ত করে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে দ্রুত সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।