গাইবান্ধা সদরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে কলেজছাত্র ফাহমিদ রুমন (১৯) হত্যা মামলার অভিযুক্ত বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাহেরারচালা ও মাওনা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের এএইচএম রেজাউল করিম সানা (৫৫) ও তার ছেলে নাসিরুল আহসান আকিব (৩৫)। র্যাব জানায়, পূর্ব পিয়ারাপুর গ্রামে গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থী ফাহমিদ রুমনের পরিবারের সঙ্গে রেজাউল করিম সানার পরিবারের বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ৭ জুন রাতে সানা ও তার ছেলে আকিব ধারালো অস্ত্র নিয়ে রুমনের ভাই ফারদিন রুহিতের ওপর হামলা চালান।
বড় ভাইকে রক্ষা করতে গেলে রুমন ছুরিকাঘাতে নিহত হন।
এ ঘটনায় ৯ জুন নিহতের মা হত্যা মামলা করেন। মামলায় গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।