পাবনা সদর উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যু হয়েছে। তাদের বাঁচাতে গিয়ে একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় আতাইকুলা ইউনিয়নের কুচিয়ামাড়া উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-আটঘরিয়া উপজেলার কৈজুরী শ্রীপুর গ্রামের শবদুল প্রামাণিক (৩৫) এবং তার স্ত্রী আশা খাতুন (২৫)। আহত আলম মোল্লা আশার ভাই। তিনি চিকিৎসাধীন আছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে শবদুল প্রামাণিক স্ত্রীকে নিয়ে কুচিয়ামাড়া উত্তরপাড়ায় শ্বশুর বাড়ি বেড়াতে আসেন। মঙ্গলবার বিকালে তারা বাড়ির পাশে পুকুরে সেচ পাম্প দিয়ে পানি কমিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ পানি তোলার পাম্পের বৈদ্যুতিক তার ছিঁড়ে পুকুরে পড়ে যায়। পানি বিদ্যুতায়িত হয়ে পুকুরে থাকা স্বামী-স্ত্রী স্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে পরিবারের অন্য সদস্যরা দ্রুত মেইন সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুজনই মারা যান। বোন ও দুলাভাইকে বাঁচাতে যাওয়া আলম মোল্লাও বিদ্যুতায়িত হন। তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে।
আতাইকুলা থানার ওসি মজিবর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে এটি দুর্ঘটনা বলেই প্রতীয়মান হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।