গাইবান্ধার সাঘাটায় নাতির হাসুয়ার আঘাতে দাদির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দাদা আবদুল করিম (৭০)। নিহতের নাম ফিরোজা বেগম (৬০)। উপজেলার খামার পবনতাইড় গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। অভিযুক্ত নাতি শাকিলকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পুলিশ ও স্থানীয়রা জানান, শাকিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের কারণে তার স্ত্রী অভিমান করে বাবার বাড়ি যান। বুধবার দুপুরে স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয় নিয়ে বাড়ির পাশে পাট খেতে কাজ করার সময় দাদাদাদির সঙ্গে শাকিলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাঁসুয়া দিয়ে তাদের এলোপাতাড়ি আঘাত করে শাকিল। রক্তাক্ত অবস্থায় দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। তাদের চিৎকারে ছুটে আসেন স্থানীয় লোকজন। স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বগুড়া নেওয়ার পথে ফিরোজার মৃত্যু হয়। আবদুল করিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাঘাটা থানার ওসি মাহাবুব আলম বলেন, পুলিশ অভিযুক্ত শাকিলকে আটক করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।