নারায়ণগঞ্জ শহরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, বাস আটকে রাখা এবং পরিবহনশ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করেন পরিবহন মালিক ও শ্রমিকরা। পরে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালামের ছেলে আবুল কাউসার আশার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেন তারা।
সিটি বন্ধন পরিবহনের এমডি দেলোয়ার হোসেন জানান, ৫ লাখ টাকা চাঁদা চেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মাহাবুব উল্লাহ তপন। না দেওয়ায় মিশনপাড়ায় একটি গাড়িও আটকে রেখেছেন। আমাদের শ্রমিকদের মারধর করেছেন। অভিযোগের বিষয়ে মাহাবুব উল্লাহ তপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, এমপি আবুল কালামের ছেলে আবুল কাউসার আশা বিষয়টি সমাধান করেছেন।