ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের চার স্কুলছাত্রীকে নিখোঁজের এক দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে সিলেট নগরীর একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন।
উদ্ধার হওয়া স্কুলছাত্রীরা বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তারা। দিন পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় তাদের বিভিন্ন স্থানে খোঁজ করেন স্বজনরা। সন্ধ্যায় বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির ভিত্তিতে পুলিশ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। গতকাল দুপুরে সিলেটের একটি বাস কাউন্টারে তাদের বাসের জন্য অপেক্ষারত অবস্থায় পাওয়া যায়। তারা গোয়াইনঘাট যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানান, ধারণা করা হচ্ছে, তারা একটি মানব পাচার চক্রের প্রলোভনের শিকার হতে পারে। ওই চক্র তাদের সীমান্তবর্তী এলাকা হয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল কি না, সেটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন জানান, নিখোঁজ স্কুলছাত্রীরা সিলেটের সুরমা থানায় আছে। তাদের আনতে পুলিশের টিম গেছে। কী কারণে তারা সিলেট গেছে এখনই পরিষ্কার কিছু বলা যাবে না। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।