পারিবারিক কলহের জেরে পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গতকাল সকালে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। নিহত উত্তম দেবনাথ (৬০) উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর ছিলেন। ঘটনায় জড়িত ছেলে তাপস দেবনাথকে আটক করেছে পুলিশ। জানা যায়, উত্তম দেবনাথ বৃহস্পতিবার রাতে খাবার শেষে ছেলে তাপসের সঙ্গে একই বিছানায় ঘুমাতে যান। তার স্ত্রী কানন দেবনাথ ঘুমাচ্ছিলেন অন্য ঘরে। ভোর ৪টার দিকে হঠাৎ তাপস ঘরে থাকা শিলপাটা নিয়ে ঘুমন্ত বাবার কপালে সজোরে আঘাত করে। উত্তম চিৎকার করলে পাশের রুমে থাকা স্ত্রী ছুটে আসে রক্তাক্ত অবস্থায় দেখেন তাকে। হাসপাতালে নেওয়ার আগে বাড়িতেই তিনি মারা যান।
মির্জাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খান মো. নুরুল ইসলাম জানান, ঘটনায় জড়িত তাপস দেবনাথকে আটক করা হয়েছে। খুনের কারণ উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।