খুলনার রূপসায় প্রতিপক্ষের হামলায় হাসান ওরফে বিহারী হাসান (৬৩) নামে একজন নিহত হন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে ভ্যান চুরির ঘটনায় তিনি প্রতিবেশী একজনকে দায়ী করলে তারা এ হামলা চালায়। এ ঘটনায় রুবেল নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত হাসান জাবুসা গ্রামের সিরমান শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে হাসান বিহারীর বাড়িতে ভ্যানযোগে মেহমান আসে। চালকসহ মেহমানরা কিছুক্ষণ বাড়ির ভিতর ছিল। তখন ভ্যানটি চুরি হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী রাশেদ শেখের বিরুদ্ধে অভিযোগ দেন হাসান। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় চৌরাস্তা মোড়ে রাশেদসহ চার-পাঁচজন ধারালো অস্ত্র নিয়ে হাসানের ওপর হামলা চালায়।
রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুলিশ একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামি ধরতে অভিযান চলছে।