র্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন। জড়িত অভিযোগে ৭২ শিক্ষার্থীকে শোকজ করেছে কর্তৃপক্ষ। শোকজে সাত কর্মদিবসের মধ্যে তাদের ঘটনাস্থলে উপস্থিত থাকার কারণ দর্শাতে বলা হয়। সম্প্রতি র্যাগিংয়ের ঘটনায় পৃথকভাবে কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৫ ও ২৬ ব্যাচের ৭২ জন শিক্ষার্থীকে শোকজ করে। বিষয়টি নিশ্চিত করেন হাবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান।
জানা যায়, কয়েক দিনে ক্যাম্পাসের পাশে বিসিএস গলি, কর্ণাই, বিশ্ববিদ্যালয়ের পুকুর পাড় এবং আবাসিক মেসে র্যাগিংয়ের খবর পেয়ে তৎক্ষণাৎ উপস্থিত হয় প্রক্টরিয়াল টিম। প্রাথমিক প্রমাণ পাওয়ায় প্রতিটি ঘটনায় উপস্থিত ২৫ এবং ২৬ ব্যাচের শিক্ষার্থীদের শোকজ করা হয়।
নোটিস পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ভেটেরিনারি অনুষদের ২৬ ব্যাচের ২৬ জন, ২৫ ব্যাচের ১৩ জন, ইইই বিভাগের ২৬ ব্যাচের ২১ জন, ২৫ ব্যাচের ১০ জন এবং কৃষি অনুষদের ২৫ ও ২৬ ব্যাচের একজন রয়েছে। হাবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান জানান, র্যাগিংয়ের অভিযোগে ৭০ জনের অধিক শিক্ষার্থীকে ধারাবাহিকভাবে শোকজ করা হয়েছে। এখনো জবাব পাইনি। অভিযুক্তদের থেকে সন্তোষজনক জবাব না পেলে প্রশাসন এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে।