বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের বশিপুর সরদারপাড়ায় বাঁশের বেড়া দিয়ে কয়েকটি পরিবারের চলার পথ বন্ধ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল ভুক্তভোগী সোহাগ সরদার সান্তাহার পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, একই এলাকার সরোয়ার হোসেন পলাশ দীর্ঘদিনের ব্যবহৃত পথে বাঁশের বেড়া নির্মাণ করেন। এতে কয়েকটি পরিবারের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। নারী, শিশু ও বয়স্কদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সোহাগ সরদার দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনিসহ ৮-১০টি পরিবার ওই পথ ব্যবহার করে আসছেন। হঠাৎ বেড়া দিয়ে পথ বন্ধ করায় জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে অভিযুক্ত সরোয়ার হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মণ্ডল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পৌর নীতিমালা অনুসরণ না করে যারা বেড়া দিয়েছেন তাদের নোটিশ করা হবে। পৌর প্রশাসক ও ইউএনও মাসুমা বেগম বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।