গাইবান্ধায় জালনোটসহ শামীম মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ২২ হাজার ৫০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকালে জেলা শহরের কাটপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শামীম মিয়া বগুড়ার আদমদিঘী উপজেলার সাদনী গ্রামের মৃত হাবিল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে শহরের কাটপট্টি এলাকার ম্যাক্স হোমিও হল থেকে ২০০ টাকার ওষুধ কিনে ৫০০ টাকার একটি জাল নোট দেয় ওই যুবক। দোকান মালিক টাকাটি জাল বুঝতে পেরে ও তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা তার কাছ থেকে ১০০০ টাকার ২২টি ও ৫০০ টাকার একটি জাল নোটসহ তাকে আটক করে পুলিশে খবর দেন।
পরে খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ জাল টাকাসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আটক ওই যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/এমই