ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সার্বক্ষণিক ইসিজি সেবা চালু করতে একটি আধুনিক ইসিজি মেশিন প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
বুধবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ মেশিন হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারী এফ এম শরিফুল আলম সোহেল, আবাসিক মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, নতুন ইসিজি মেশিন চালু হওয়ায় হৃদরোগজনিত জরুরি রোগীদের দ্রুত পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে, যা স্থানীয় সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর এ উদ্যোগ ভালুকার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং সাধারণ মানুষের চিকিৎসা প্রাপ্তি আরও সহজ করবে।
এ সময় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
বিডি প্রতিদিন/এমআই