কক্সবাজারের শহরে কথাকাটাকাটির জেরে দু’পক্ষের সংঘর্ষে আরেক যুবক নিহত হয়েছেন। এ নিয়ে এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি আছে আরও একজন।
মঙ্গলবার (২ জুন) রাত ১২টার দিকে পৌরসভার পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত হৃদয় (২৮) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে ও আসিফ (২৭) পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনার বাসিন্দা। এ ঘটনায় আহত আশরাফুল ইসলাম পাহাড়তলী ইসলামপুর মসজিদসংলগ্ন এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী জানান, দু’পক্ষের মধ্যে পূর্বের বিরোধকে কেন্দ্র করে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে হৃদয়, আসিফ ও আশরাফুল ইসলাম নামে তিনজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। অপর দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আসিফ (২৭) নামে আরেকজন মারা যান।
শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। অপরজনের মরদেহ এখনও চট্টগ্রামে রয়েছে।
বিডি-প্রতিদিন/এমএল