রংপুরে হামের উপসর্গ নিয়ে আবু হুজাইফা নামে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের হামের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবু হুজাইফা পঞ্চগড় তেঁতুলিয়ার আমির হোসেনের ছেলে। গত ২৯ মে হামের উপসর্গ থাকা ওই শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার শিশু আবু হুজাইফার মৃত্যু হয়। এছাড়া এ পর্যন্ত রংপুরে হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ.ন.ম তানভীর চৌধুরী।
এদিকে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ১৬ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ছয়জন, ঠাকুরগাঁওয়ে দুইজন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন রয়েছে।
গত ৩০ মার্চ থেকে বুধবার পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা এক হাজার ৪০৩ জন রোগী শনাক্ত হয়েছে এবং এক হাজার ৩৩৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন রোগী।
বিডি-প্রতিদিন/এমএল