সারা দেশের মতো শেরপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে শেরপুর সদর উপজেলা হলরুমে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম-এর আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজুয়ান।
উদ্বোধনী সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া।
উদ্বোধন শেষে অতিথিরা সদর উপজেলার দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে উদ্ভাবনী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় সেকান্দর আলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শামছুল আলম, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএইচটি