বাংলাদেশের অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য এ মুহূর্তে দেশ পরিচালনায় একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রয়োজন বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। মঙ্গলবার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে আয়োজিত এক পথসভায় এ মন্তব্য করেন তিনি।
আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে এবং অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নে বিএনপির কোনো বিকল্প নেই। বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, যা দিয়ে গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনীতির বাংলাদেশ গড়া সম্ভব।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন পেলে বিএনপি একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ উপহার দিতে পারবে। সুযোগ পেলে বিএনপি নতুন বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভয়ভীতি উপেক্ষা করে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। জনগণের ভোটেই গণতন্ত্র ও উন্নয়ন নিশ্চিত হবে।
এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাচাই-বাছাই করে যোগ্য ও পরীক্ষিত প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের দল বিএনপিকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
ভোট প্রদানে কোনো বাধা সৃষ্টি করা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন বিএনপির এই নেতা।
পথসভায় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়া উদ্দিন বাবলু, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঞা প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া