গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে। প্রশাসন যদি কোনো একটি পক্ষের হয়ে কাজ করে, তাহলে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে গলাচিপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ সময় হামলা এবং হুমকিসহ নানা অভিযোগ তোলা হয় হাসান মামুনের বিরুদ্ধে।
নুর বলেন, দেশের মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে ও ভোট প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে, এমন আকাঙ্ক্ষা আমাদের দীর্ঘদিনের। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে চাই। কিন্তু তারা যদি কোনো পক্ষ নিয়ে থাকে, তাহলে ভালো নির্বাচন হবে না।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তারা যদি মাঠের বাস্তবতা অনুযায়ী দায়িত্ব পালন না করে, তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থেকেই যায়।
হাসান মামুনের বিরুদ্ধে অভিযোগ করে নুর দাবি করেন, তার নেতাকর্মীরা জনসংযোগে গেলে ট্রলার থেকে নামার সময় হামলা ও ভাঙচুরের শিকার হন। এ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পটুয়াখালীর পুলিশ সুপারকে অবহিত করেন। পুলিশ পাঠানোর আশ্বাস দেওয়া হলেও দীর্ঘসময় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, এই নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি অপশক্তির ষড়যন্ত্র রয়েছে। তারা আমার আসনে স্বতন্ত্র প্রার্থীকে ব্যবহার করছে।
স্বতন্ত্র প্রার্থীকে ইঙ্গিত করে নুর বলেন, আমাকে নিয়ে স্বতন্ত্র প্রার্থী প্রকাশ্যে বলেছেন যে, নুর এমপি হলে ২০ বছরেও তার অস্তিত্ব থাকবে না। এই বক্তব্যই প্রমাণ করে, আমাকে ঠেকাতে তারা কতটা মরিয়া।
তিনি বলেন, হাসান মামুন উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন ধরনের আপত্তিকর ও আক্রমণাত্মাক বক্তব্য দিয়ে আসছেন। কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন। রাস্তা-ঘাটে তার লোকজন পায়ে পা দিয়ে সংঘাতে জড়ানোর চেষ্টা করছেন। গত রবিবার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া শ্রমিক অধিকারের নেতা মো. রাকিবকে মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করেন। পরদিন সোমবার টাকা পাওয়ার মিথ্যা অভিযোগ তুলে ট্রাক প্রতীকের কর্মী মোহাম্মদ চান মিয়াকে মারধর করা হয়। এর আগে চর কপালভেড়া এলাকায় কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়।
তিনি বলেন, গতকাল সোমবার রাতে গণঅধিকারের নেতাকর্মীরা দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নে ট্রাক প্রতীকের প্রচারণায় যান। এ সময় হাসান মামুনের সমর্থকেরা ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে স্থানীয় ট্রাক প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকজন নেতাকর্মীদের মারধর করেন। এ ঘটনায় থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর খবর শুনে ঘোড়া প্রতীকের সমর্থকেরা উল্টো নিজেদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সজিব ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু হুরায়রা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ