গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ নির্বাচনি মাঠে নেই। এ সুযোগে কেউ কেউ একাত্তরকে মুছে দিয়ে চব্বিশকে সামনে আনার অপচেষ্টা করছে।
তিনি বলেন, ‘আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই—একাত্তর আমার মুক্তিযুদ্ধ, একাত্তর আমার স্বাধীনতা। এই একাত্তরই আমার আগামী দিনের পথচলার প্রেরণা। যারা একাত্তরকে মুছে দিয়ে চব্বিশকে সামনে আনতে চায়, তাদের উদ্দেশে বলতে চাই—আমরা একাত্তরকে সামনে রেখেই চব্বিশকে ধারণ করতে চাই। এর বাইরে চিন্তার কোনো অবকাশ নেই।’
গতকাল সোমবার রাতে কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে বান্ধাবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী আরও বলেন, ‘যারা একাত্তরকে মুছে দিতে চায়, তাদের স্পষ্ট করে জানাতে চাই—একাত্তর না থাকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থাকবে না। একাত্তর না থাকলে বিএনপির রাজনীতি থাকবে না। তাই আমাদের একাত্তরকে সমুন্নত রাখতে হবে।’
বান্ধাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি খবির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জনসভায় উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এরপর এস এম জিলানী কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কোনের ভিটা গ্রামে জয় হরি সেবাশ্রমে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বলেন, “আমি সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। আপনারা আমাকে একবারের জন্য হলেও জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দিন। আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলে কোটালীপাড়া–টুঙ্গিপাড়াকে শান্তি ও সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তুলবো।”
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ