যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোছা. সাবিরা সুলতানাকে একদিনে দুইটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি নোটিশ দুটি জারি করেন।
প্রথম নোটিশটি জারি করা হয়েছে একটি অভিযোগের প্রেক্ষিতে। গত ২৫ জানুয়ারি দুপুরের দিকে ঝিকরগাছা পৌর এলাকার কীর্তিপুরে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা নারী ভোটারদের কাছে ভোট চাইতে গেলে ধানের শীষ প্রতিকের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এসময় জামায়াতের নারী কর্মীদের শ্লীলতাহানীর চেষ্টা করা হয়। এ আসনে জামায়াতের প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদের প্রেস সেক্রেটারির কাছ থেকে অভিযোগ পেয়ে বিএনপি প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ পাঠায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
দ্বিতীয় নোটিশটি দেওয়া হয়েছে কমিটির নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে। কমিটির সদস্যরা সরেজমিন চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে বহু স্থানে ধানের শীষ প্রতিকের প্রার্থীর রঙিন ফেস্টুন, ব্যানার ও পোস্টা দেয়ালে সাটানো অবস্থায় দেখতে পেয়েছেন, যা নির্বাচনী আচরণবিধির লঙ্খন।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুল স্বাক্ষরিত দুটি নোটিশই মঙ্গলবার জারি করা হয়।
তবে এ ব্যাপারে জানতে যশোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোছাঃ সাবিরা সুলতানার মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
বিডি প্রতিদিন/হিমেল