‘নতুন নাটোর নতুন আশা’ স্লোগানে নাটোর-২ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচন নিয়ে এখনও একটি মহলের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। যত চক্রান্তই অব্যাহত থাকুক না কেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে; এবং দেশের মানুষের ভোটে বিএনপিই জয়ী হবে।
মঙ্গলবার সকাল থেকে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের পথসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
দুলু বলেন, ‘অতীতে ২০০৮ সাল থেকে সব নির্বাচনে জনতার রায়কে আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছিল। আগামী দিনে এমন কোনো নির্বাচন জনগণ আর মেনে নেবে না। যেকোনো ষড়যন্ত্র-চক্রান্ত হলে জনগণই তার দাঁতভাঙ্গা জবাব দেবে।’
পথসভায় দুলু আরো বলেন, নাটোরের মানুষ এবার তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলেই তার বিশ্বাস। তিনি জানান, এবার বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষিকার্ড দেওয়া হবে। নারী ও কৃষকরা এই কার্ডের মাধ্যমে পাঁচ বছর সকল সুযোগ-সুবিধা পাবেন।
খাজুরা ইউনিয়নের করেরগ্রাম, মদনগ্রাম, চাঁদপুর, দুলর্ভপুর, খাজুরা, মহিষডাঙ্গা ও কুচকুরিসহ বিভিন্ন গ্রামের পথসভায় দুলুর সঙ্গে তার সহধর্মিণী সাবিনা ইয়াসমিনও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
এছাড়া আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিনসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এম